শেখ হাসিনা বক্তব্য দেবেন প্রচার করলেও ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

Share

আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেউ যদি আগাম প্রচার করে যে শেখ হাসিনা বক্তব্য দেবেন এবং তা প্রকাশ বা সম্প্রচার করে, তবে সেটি আদালতের নির্দেশ অমান্য করার শামিল হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এমনটি হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, এ বিষয়ে সরকার আগেও গণমাধ্যমের জন্য সতর্কতামূলক নির্দেশনা দিয়েছিল। কেউ যদি আগাম প্রচার করে যে শেখ হাসিনা বক্তব্য দেবেন এবং তা প্রকাশ বা সম্প্রচার করেন, তাহলে সেটি আদালতের আদেশ অমান্য করার শামিল হবে।

তিনি বলেন, সবাইকে আবারও স্মরণ করিয়ে দেওয়া হবে যেন কেউ এ ধরনের কাজ না করেন। আদালতের নির্দেশনা মেনে চলা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব, আর সরকারের দায়িত্ব হলো আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা।

ব্যক্তিগত মতামত জানিয়ে জাহেদ উর রহমান আরও বলেন, আদালতের আদেশ না থাকলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া সমীচীন হতো না। তবে কেউ যদি আদালতের ওই আদেশের সঙ্গে দ্বিমত পোষণ করেন, তাহলে তিনি আদালতেই গিয়ে সেই রায় চ্যালেঞ্জ করতে পারেন। যতক্ষণ পর্যন্ত আদালতের আদেশ বহাল থাকবে, ততক্ষণ তা সবাইকে মেনে চলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।