বাবার শেষকৃত্যে ড্রোনের হানা, আইনি পদক্ষেপের প্রস্তুতি মেসির

Share

৬৮ বছর বয়সে রোজারিওর একটি হাসপাতালে মারা যান হোর্হে মেসি। এরপর পেরেস এলাকার রুট ৩৩-এর পাশে অবস্থিত বেসরকারি কবরস্থান এল প্রাদোতে পারিবারিকভাবে তার শেষকৃত্যের আয়োজন করা হয়। বাবার শেষ বিদায়ে অংশ নিতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বিমানে রোজারিও পৌঁছান মেসি। সেখানে উপস্থিত ছিলেন তার মা সেলিয়া কুচ্চিত্তিনি, ভাইবোনসহ পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা।

শেষকৃত্যকে ঘিরে কবরস্থানের নিরাপত্তাও ছিল কঠোর। শনিবার দুপুর থেকেই সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয় এবং কেবল অনুমোদিত যানবাহনকে ভেতরে ঢোকার সুযোগ দেওয়া হয়। কিন্তু এই নিরাপত্তাব্যবস্থার মধ্যেও কবরস্থানের ওপর দিয়ে ড্রোন উড়তে দেখা যায়। অভিযোগ রয়েছে, বুয়েনস আইরেসভিত্তিক কয়েকটি টেলিভিশন চ্যানেল এই ড্রোন ব্যবহার করে শোকাহত পরিবারের ছবি ধারণের চেষ্টা করে।

রোজারিওর স্থানীয় সংবাদমাধ্যম লা কাপিতালসহ কয়েকটি আর্জেন্টাইন সংবাদমাধ্যমও ঘটনাটি নিশ্চিত করেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনেকেই ব্যক্তিগত শোকের মুহূর্তে এভাবে ছবি ধারণের চেষ্টাকে সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী বলে মন্তব্য করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে সান্তা ফে পুলিশ জরুরি ভিত্তিতে কবরস্থান এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করে। রোববার শেষকৃত্য শেষ হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল।

ঘটনার পর মেসির আইনি দল বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে। সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে, পরিবারের ব্যক্তিগত শোকের মুহূর্তে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

এর আগে মেসি পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, হোর্হে মেসির শেষকৃত্যে কোনো প্রকাশ্য শোকসভা থাকবে না। পরিবার চেয়েছিল, বাবার শেষ বিদায়টি যেন একান্ত ব্যক্তিগতভাবেই সম্পন্ন হয়।

তবে কবরস্থানের বাইরে ভক্তদের ভালোবাসার কোনো কমতি ছিল না। মেসির প্রতি সমর্থন জানাতে অনেকেই সেখানে জড়ো হন। তাদের মধ্যে ছিলেন ১৫ বছর বয়সি লুকাস ব্লাঙ্কো, যিনি প্রায় ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছিলেন। তার মতো অনেক ভক্তের হাতে ছিল পোস্টার—‘মেসি শক্ত থাকুন’।

ভক্তদের এই উপস্থিতি যেন কঠিন সময়ে মেসি পরিবারের প্রতি আর্জেন্টাইনদের ভালোবাসা ও সমবেদনারই প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

তথ্যসূত্র : ডেইলিস্পোর্টস.নেট