মিয়ানমার থেকে পালিয়ে মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ৫ হাজার শরণার্থীকে দেশে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার, জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। এই শরণার্থীদের মধ্যে রোহিঙ্গারাও রয়েছেন বলে সোমবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদনে জানানো হয়েছে।
মোহাম্মদ হাসান জানান, সম্প্রতি মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী টিন মং সুয়ের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, মিয়ানমার জাহাজে করে ৫ হাজার শরণার্থীকে ফিরিয়ে নেয়ার প্রস্তুতির কথা জানিয়েছে, তবে তাদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।
তিনি আরও বলেন, মিয়ানমারের শরণার্থী সংকটকে শুধু রোহিঙ্গা ইস্যু হিসেবে দেখা উচিত নয়। দেশটির বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষও সংঘাত ও সহিংসতার শিকার হয়ে শরণার্থী হয়েছেন, এর মধ্যে চিন ও কারেন সম্প্রদায়ের সদস্যরাও রয়েছেন।
এর আগে জুলাইয়ের শেষ দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছিলেন, দ্বিপক্ষীয় আলোচনার পর মালয়েশিয়ায় অবস্থানরত প্রাথমিক ৫ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে মিয়ানমার সম্মত হয়েছে। উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ রোহিঙ্গা শরণার্থী জনগোষ্ঠীর আবাসস্থল মালয়েশিয়া, যাদের বড় একটি অংশ মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার হয়ে দেশ ছেড়ে পালিয়ে সেখানে আশ্রয় নিয়েছেন।