হরমুজ প্রণালিতে ‘শতভাগ নিয়ন্ত্রণ’ যুক্তরাষ্ট্রের, দাবি ট্রাম্পের

Share

কৌশলগত হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের পর নৌপথটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, হরমুজ প্রণালি এখন খোলা এবং এই মুহূর্তে সেখানে একমাত্র নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরান মাঝেমধ্যে প্রণালিতে মাইন ফেলছে, তবে মার্কিন বাহিনী প্রতিবারই তা শনাক্ত করে সরিয়ে ফেলছে। মার্কিন নৌ-অবরোধকে তিনি আগে ‘ইস্পাতের দেয়াল’ ও ‘নির্ভুল’ বলে বর্ণনা করেছিলেন এবং স্বীকার করেছেন, ইরান চাইলে এখনো ‘ঝামেলা’ তৈরি করতে পারে, যদিও দেশটি আর্থিকভাবে দুর্বল বলে মন্তব্য করেন তিনি।

একই দিন ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনায় ক্ষতিপূরণের প্রসঙ্গও তোলেন ট্রাম্প। ইরান যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করার পর পাল্টা জবাবে ট্রাম্প জানান, ইরানকে বরং তার দেশের হামলায় নিহত বা আহত মার্কিন নাগরিক এবং গত পাঁচ দশকে ইরান সরকারের হাতে নিহত বিক্ষোভকারীদের জন্য ক্ষতিপূরণ দেওয়া উচিত।

অন্যদিকে তেহরান এখনো হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহারসহ একাধিক শর্ত পূরণের দাবিতে অনড় রয়েছে। ওমানের মাধ্যমে বিকল্প শিপিং রুট নিয়ে আলোচনা চললেও তা প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার সমতুল্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান।

বিশ্লেষকদের মতে, দুই পক্ষের অবস্থানের এই বিপরীতমুখিতা—ওয়াশিংটন যেখানে নিজেদের নৌ-উপস্থিতিকে জাহাজ চলাচলের নিশ্চয়তা হিসেবে দেখছে, তেহরান সেটিকেই স্বাভাবিক বাণিজ্য পুনরুদ্ধারের মূল বাধা মনে করছে—আলোচনার অগ্রগতিতে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল-গ্যাস এই প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায় সংকট দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব পড়ার শঙ্কা রয়েছে।

সূত্র: রয়টার্স, সিএনএন, সিবিএস নিউজ