ইসলামের প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে, তবে ইসলাম গ্রহণের খবরটি সঠিক নয়

Share

ইসলাম গ্রহণের খবর অস্বীকার করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস। তিনি বলেছেন, ইসলামের প্রতি তার সর্বোচ্চ সম্মান রয়েছে, তবে তার ইসলাম গ্রহণ নিয়ে ছড়িয়ে পড়া খবর সঠিক নয়।

বুধবার (১৯ আগস্ট) সৌদি আরবের প্রভাবশালী দৈনিক ওকাজকে দেওয়া বিশেষ বক্তব্যে রবার্তো কার্লোস এ কথা বলেন।

কার্লোস বলেন, “ইসলামের প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। আমার স্ত্রীকে নামাজ পড়তে দেখা খুবই সুন্দর। তবে আমার ইসলাম গ্রহণ নিয়ে ছড়িয়ে পড়া খবরগুলো সঠিক নয়।”

সম্প্রতি তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্য আলী শাহিন দাবি করেন, রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তিত্ব শাইখ জিহাদ হামাদেহর বরাতে তিনি জানান, প্রায় চার সপ্তাহ আগে কার্লোস তার সঙ্গে সাক্ষাৎ করে কালিমায়ে শাহাদাত পাঠ করেন। পরে তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যমেও এ খবর প্রকাশিত হয়।

কার্লোসের মরক্কান স্ত্রী সুহাইলা আল তাহিরির সঙ্গে ইসলামি রীতিতে বিয়ের অনুষ্ঠানের কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ছবি তার ইসলাম গ্রহণের খবরকে আরও ছড়িয়ে দেয়।

তবে ওকাজকে কার্লোস জানিয়েছেন, তাদের বিয়ের অনুষ্ঠান একাধিক রীতিতে আয়োজন করা হয়েছিল। পরিবারের সদস্যদের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান রেখে ক্যাথলিক রীতিতে একটি অনুষ্ঠান এবং তার মুসলিম স্ত্রী ও মুসলিম বন্ধুদের উপযোগী আরেকটি অনুষ্ঠান করা হয়।

সূত্র : ওকাজ