ঠাকুরগাঁও প্রতিনিধি: ‘মানবতা, উন্নয়ন ও টেকসই পরিবর্তনের জন্য’—এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে সামাজিক সংগঠন সোশ্যাল প্রগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির (এসপিডিএস) উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে এসপিডিএস কার্যালয়ে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে ঠাকুরগাঁওয়ের পরিচিত চিকিৎসক ডা. মো. হাবিব-ই-রসুল (লিটন) রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন। তিনি এমবিবিএস ও এফসিপিএস (মেডিসিন) ডিগ্রিধারী এবং ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত।
ক্যাম্পে প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবাগ্রহীতারা। তারা বলেন, অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত উপকারী। অর্থের অভাবে অনেক সময় চিকিৎসকের পরামর্শ নেওয়া সম্ভব হয় না। এসপিডিএসের এ উদ্যোগের কারণে তারা সহজেই চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
এসপিডিএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সারমীন আক্তার বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চিকিৎসাসেবাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
“ডা. মো. হাবিব-ই-রসুল (লিটন) বলেন, “এসপিডিএসের এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। অর্থের অভাবে অনেক মানুষ সময়মতো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না। আজকের ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দিতে পেরে ভালো লাগছে। এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে মানুষের পাশে থাকার সুযোগ পেলে আমি আনন্দিত হব।”
নবীন হাসান/ ঠাকুরগাঁও।