ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজটে অ্যাম্বুলেন্সে প্রায় চার ঘণ্টা আটকে থেকে মারা গেছেন আমিরুন্নেছা নামের এক রোগী। হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে তাকে ঢাকায় নেয়া হচ্ছিল। তবে দীর্ঘ যানজটের কারণে কুমিল্লার দাউদকান্দিতে আটকে পড়ে অ্যাম্বুলেন্সটি।
পরে শুক্রবার (২৮ আগস্ট) রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
নিহত আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজন তারেক আল হাসান জানান, শুক্রবার হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর রাত ৮টার দিকে আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সটি কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছায়। কিন্তু মহাসড়কে তীব্র যানজট থাকায় এরপর আর গাড়িটি সামনে এগোতে পারেনি।
তিনি বলেন, প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সের মধ্যেই আমিরুন্নেছার মৃত্যু হয়।
এর আগে, শুক্রবার (২৮ আগস্ট) রাত থেকে কুমিল্লার দাউদকান্দি টু মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
মূলত নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজের কারণে ঢাকা অভিমুখী লেনে এই যানজট সৃষ্টি হয়।
তথ্যসূত্র: স্টার নিউজ