যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে বাংলাদেশি কমিউনিটির অন্যতম পথিকৃৎ আইয়ুব আলী মাস্টারের স্মরণে একটি স্মারক ফলক উন্মোচন করা হয়েছে।
১৯০০ সালে সিলেটে জন্মগ্রহণ করেন আইয়ুব আলী মাস্টার। ১৯২০-এর দশকে তিনি পূর্ব লন্ডনে বসতি স্থাপন করেন। পরে কমার্শিয়াল স্ট্রিটে প্রতিষ্ঠা করেন ‘শাহ জালাল’ রেস্টুরেন্ট। সে সময় রেস্টুরেন্টটি এশীয় কমিউনিটির গুরুত্বপূর্ণ মিলনকেন্দ্র হিসেবে গড়ে ওঠে। পাশাপাশি পূর্ব লন্ডনে বসবাসরত দক্ষিণ এশীয় নাবিক ও অভিবাসীদের সহায়তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিষ্ঠানটি।

ক্রিশ্চিয়ান স্ট্রিটে স্থাপন করা হয়েছে স্মারক ফলকটি। ওই স্থানটির কাছাকাছিই ১৯৪৩ সালে আইয়ুব আলী মাস্টার ও শাস আবদুল মজিদ কুরেশি ‘ইন্ডিয়ান সিমেন’স ওয়েলফেয়ার লীগ’-এর কার্যালয় পরিচালনা করতেন।
ফলক উন্মোচন অনুষ্ঠানে পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন আইয়ুব আলী মাস্টারের নাতনি পারুল হুসাইন। তিনি বলেন, ঐতিহাসিক এই আয়োজন নিয়ে তাদের পরিবার অত্যন্ত গর্বিত ও আনন্দিত।
পারুল হুসাইন বলেন, ‘আমাদের দাদা ছিলেন বাংলাদেশের শুরুর দিকের একজন পথিকৃৎ। যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির মানুষ যখন প্রথম আসতে শুরু করেন, তখন তিনি অনেককে সহায়তা করেছেন। তিনি ইংরেজি ও বাংলা—দুই ভাষাতেই সাবলীল ছিলেন।’
তিনি আরও বলেন, ১৯৪০-এর দশকে ইন্ডিয়ান সিমেন’স ওয়েলফেয়ার লীগের মাধ্যমে সামাজিক ন্যায়বিচারের জন্যও আইয়ুব আলী মাস্টার নিরলসভাবে কাজ করেছেন।
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, আইয়ুব আলী মাস্টার ছিলেন একজন ‘পথিকৃৎ’, যার নিরলস প্রচেষ্টা এই বরোতে কমিউনিটি কল্যাণের ভিত্তি গড়ে দিয়েছিল।
তিনি বলেন, ‘তার উত্তরাধিকার আজও প্রজন্মকে অনুপ্রাণিত করে। আমাদের বরোর প্রাণকেন্দ্রে একটি স্থায়ী ফলকের মাধ্যমে তার অবদানকে সম্মান জানানো তাই যথার্থ।’
স্মারক ফলকটি হোয়াইটচ্যাপেলের ক্রিশ্চিয়ান স্ট্রিটে ড্রুয়েট হাউসের পাশের দেয়ালে স্থাপন করা হয়েছে।