বেহেস্তের টিকেট বিক্রেতাদের এলাকাগুলোতেই সারের সংকট হয়েছে: মীর শাহে আলম

Share

দেশে সারের কোনো সংকট নেই দাবি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, যে সমস্ত জেলা থেকে বেহেস্তের টিকেট বিক্রি করে নির্বাচিত হয়েছে, সে সমস্ত জেলায় সারের সংকট দেখা দিয়েছে। সরকারকে হেয় প্রতিপন্ন করতে রাজনৈতিক দলের নেতাকর্মীদের দিয়ে হৈচৈ করে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধরী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় শহীদ আবু সাঈদের বাড়ি, আবু সাঈদ ফাউন্ডেশনের ভবন নির্মাণ ও কবরের সৌন্দর্যবর্ধনের জন্য এক কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের চলমান উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে বিরোধীদল মানুষকে বিভ্রান্ত করছে।’

লং মার্চ করে তেল গ্যাসের সংকট মোকাবেলা করা গেলে প্রধানমন্ত্রী তারেক রহমান আগেই লং মার্চ করতো বলেও জানান তিনি।

পরে পীরগঞ্জ উপজেলার বড়দরগা থেকে ভেন্ডাবাড়ী বাজার পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে মিঠাপুকুর ও পীরগাছা উপজেলার আরও ১০ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: স্টার নিউজ