‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রয়ে ইউপিএলের শোরুমে হামলা, বিক্রয়কর্মীদের আটক

Share

রাজধানীর বাংলাবাজারে ইউপিএল-এর শোরুমে প্রকাশিত “অসমাপ্ত আত্মজীবনী” বইকে ঘিরে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কিছু ব্যক্তি শোরুমে এসে আক্রমণাত্মক আচরণ করে বইটিকে নিষিদ্ধ দাবি করে বিপণন বন্ধের দাবি জানায় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউপিএল।

বিবৃতিতে প্রকাশনা সংস্থাটি জানায়, দোকানের শাটার লাগিয়ে দিয়ে তাদের দুই বিক্রয়কর্মীকে প্রবল হয়রানি করা হয়। একপর্যায়ে তাদের ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নিয়ে আটক রাখা হয়, পরে ছেড়ে দেয়া হয়। ইউপিএল স্পষ্ট করে জানায়, বইটি নিষিদ্ধ নয় এবং কোনো বই নিষিদ্ধ করতে হলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়, এই বইয়ের ক্ষেত্রে এমন কোনো পদক্ষেপ নেয়া হয়েছে বলে তাদের জানা নেই। সরকার বা আদালত থেকে কোনো পদক্ষেপ এলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

ঘটনাটিকে জাতির জন্য লজ্জাজনক ও দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে ইউপিএল জানায়, প্রায় প্রতিটি সরকারের আমলেই তাদের কোনো না কোনো বই নিয়ে চাপের মুখে পড়তে হয়েছে। এর মধ্যে রয়েছে বিগত সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা থেকে একটি বইয়ের জন্য ক্ষমা প্রার্থনার নির্দেশ, মওদুদ আহমেদের গ্রন্থাবলি ও অধ্যাপক আসিফ নজরুলের গঙ্গাচুক্তি বিষয়ক বই প্রকাশ নিয়ে প্রতিকূলতা। প্রতিষ্ঠানটি জানায়, তারা বরাবরই এসব চাপ উপেক্ষা করে এসেছে, যদিও তার জন্য বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে বহুবার।

বিবৃতিতে ইউপিএল জানায়, পাণ্ডুলিপি পর্যালোচকদের স্বাধীন মূল্যায়নের ভিত্তিতেই প্রতিটি বই প্রকাশ করে তারা এবং কোনো চাপের মুখে কখনো কোনো বই প্রত্যাহার করেনি। “অসমাপ্ত আত্মজীবনী”র বিজ্ঞাপন এখনো তাদের পেজে প্রকাশিত হচ্ছে বলে উল্লেখ করে তারা জানায়, সম্প্রতি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক রচিত জামায়াতে ইসলামীর ইতিহাসভিত্তিক একটি বইও একই পেশাদার নীতিতে প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

প্রকাশনা সংস্থাটি বইটিকে বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বিষয়ে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে জানায়, কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষ যথানিয়মে বইটি নিষিদ্ধ করলে তারা আইন অনুযায়ী পদক্ষেপ নেবে। তবে ফৌজদারি অপরাধের উস্কানি নেই এমন কোনো বইয়ের প্রকাশনা ও বিপণনে হস্তক্ষেপকে জ্ঞানচর্চা ও সংস্কৃতির বিকাশের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করে তারা।

বিবৃতির শেষাংশে ইউপিএল দেশের লেখক, পাঠক, শিক্ষক, সাংবাদিক, সহপ্রকাশক ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাসম্পন্ন সবাইকে একাডেমিক প্রকাশনার ওপর এই আঘাতের সময়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানায় এবং প্রকাশনা শিল্পে যেকোনো অবৈধ তৎপরতা কঠোর হাতে দমনের দাবি জানায়।