মাকে অমানবিক মারধর, বাঁচাতে ঢাল হয়ে দাঁড়াল ৯ বছরের কন্যা

Share
মাদারীপুরের রাজৈরে প্রবাসী তানজিল মোল্লার জমিতে অবৈধভাবে ঘর তোলার চেষ্টায় বাধা দেওয়ায় তার স্ত্রী কাকলি আক্তার (৩০) ও চাচাতো ভাই ফেরদৌস মোল্লাকে (৫৫) লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এসময় মাকে বাঁচাতে এলে আহত হয় তানজিল-কাকলি দম্পতির ৯ বছরের মেয়ে আফিয়াও।

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজৈর উপজেলার ইসুবপুর ইউনিয়নের শাখার পাড় গ্রামে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে থানায় এ বিষয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শাখার পাড় গ্রামের প্রবাসী তানজিল মোল্লা দীর্ঘদিন প্রবাসে আছেন। এ সুযোগে প্রতিবেশী মান্নান মোল্লা তার বাড়ির সামনের উঠোনে অবৈধভাবে ঘর তোলার চেষ্টা করেন। শনিবার সকালে তানজিলের স্ত্রী কাকলি আক্তার এবং তার চাচাতো ভাই ফেরদৌস মোল্লা ঘর তুলতে বাধা দিলে মান্নান মোল্লা, তার স্ত্রী এবং তাদের ৬ মেয়ে মিলে ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তানজিলের স্ত্রী ও চাচাতো ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালায়।

এসময় মাকে বাঁচাতে ছুটে আসে কাকলির ৯ বছরের মেয়ে আফিয়া। ভয়ে চিৎকার করতে করতে মাকে জড়িয়ে ধরে সে। মাকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালে ছোট্ট আফিয়াও আহত হয়। বাঁ হাতে আঘাত পায় সে। এছাড়া লোহার রডের বেধড়ক পিটুনিতে কাকলি আক্তার ও ফেরদৌস মোল্লা গুরুতর আহত হন। এ সময় কাকলি আক্তার রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

মা-মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এসে তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা নজরুল মিয়া জানান, ‘তানজিল দীর্ঘদিন ধরে বিদেশে থাকে। আমরা তো জানি এই জমি তানজিলদের বাপ-দাদার। মান্নান মোল্লা এখন জোর করে দখল নেয়ার চেষ্টা করছে। বাধা দেয়ায় তানজিলের বউকে রড দিয়ে মারছে।’

আরেক প্রতিবেশি রেবা বেগম বলেন, ‘গায়ের জোরে হেরা জমিনডা দহল করতে আইছে। কাকলি বাধা দেওয়ায় বউডারে অনেক মারছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক প্রতিবেশী বলেন, ‘তানজিল দেশে থাকলে ওরা সাহস পাইত না। সে দেশে নাই এ সুযোগ নিয়ে মান্নান মোল্লা গংরা অন্যায়ভাবে জমি দখলের চেষ্টা করছিল। বাধা দেওয়ায় তারা তার বউকে এভাবে নির্মমভাবে পিটিয়ে আহত করছে।’

ভুক্তভোগী কাকলি বেগম (৩০) বলেন, ‘আমার স্বামী দীর্ঘ দিন বিদেশ থাকে। সে বাড়ি না থাকায় আমার প্রতিবেশি চাচা শ্বশুর মান্নান মোল্লা বাড়ির জমিটা দখল নেয়ার চেষ্টা করেন। শনিবার সকালে ঘর উঠানোর চেষ্টা করে সে। আমি তখন বাধা দিতে যাই। তখন আমার চাচা শ্বশুর, তার স্ত্রী, তার মেয়েরা মিল্যা আমার ওপর রড দিয়া হামলা করে। আমার ছোট্ট মাইয়াডার হাতেও মারছে।’ কাকলির মেয়ে আফিয়া (৯) বলেন, ‘আমার মায়রে লোহা দিয়া মারছে। আমি তখন ফিরানোর চেষ্টা করছি। আমার হাতেও পিটান দিছে। আমার মায়ের মাজায়, পিঠে অনেক পিডান দিছে। যারা আমার মায়রে মারছে আমি তাগো বিচার চাই।’

তবে অভিযুক্ত মান্নান মোল্লা বাড়িতে উপস্থিত না থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। বাড়ির মহিলারাও কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।

এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি। পারিবারিক জমিজমা নিয়ে দ্বন্দ্ব। আমরা একটি অভিযোগও পেয়েছি। তবে মামলা হয়নি এখনো। মামলা হলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

সূত্র: কালবেলা