Oplus_131072

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার তীব্র নিন্দা এনসিপির

Share

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৪ অক্টোবর) এক বিবৃতিতে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে দলটি।

বিবৃতিতে জানানো হয়, রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বর্বরোচিত হামলা চালায়, যাতে চারজন সাংবাদিক ও কয়েকজন সাধারণ শিক্ষার্থী গুরুতর আহত হন। বিবৃতি অনুযায়ী, একটি ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে ছাত্রদলের নেতাকর্মীরা রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপ ও বেসবল ব্যাট নিয়ে হলের সামনে অবস্থান নেয় এবং সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর চড়াও হয়।

হামলায় আহত সাংবাদিকরা হলেন দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান এবং আগামীর সময়ের জাহিদুল ইসলাম। এদের মধ্যে জাহিদুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এনসিপির দাবি অনুযায়ী, হামলাকারীরা সাংবাদিকদের উদ্দেশে ‘পুঁতে ফেলার’ মতো চরম হুমকিও দেয়।

বিবৃতিতে আরও বলা হয়, প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে এই হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম ও সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমসহ অন্তত ১০ জন নেতাকর্মী সরাসরি অংশ নেন। আহতদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়।

বিবৃতিতে এনসিপি বলে, বিশ্ববিদ্যালয়ের মতো মুক্তবুদ্ধি ও জ্ঞানচর্চার কেন্দ্রে এ ধরনের সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং গণমাধ্যমের স্বাধীনতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ প্রশাসনও এর দায় এড়াতে পারে না। দলটি অবিলম্বে হামলাকারী ছাত্রদল নেতাকর্মীদের দলীয় ও রাষ্ট্রীয় আইনে গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানায়।

এনসিপি জানায়, ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থী ও সংবাদকর্মীদের পূর্ণ নিরাপত্তা ও নির্বিঘ্নে মতপ্রকাশের পরিবেশ অবিলম্বে ফিরিয়ে আনতে হবে এবং দেশবাসীকে সঙ্গে নিয়ে ছাত্র-জনতা ক্যাম্পাসের সব ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি প্রতিহত করবে বলে জানিয়ে বিবৃতি শেষ করে দলটির মিডিয়া সেল।