নিজের ভ্রমণের ম্যাপ বানাবেন যেভাবে

Share

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নতুন একটি ট্রেন্ড—”কয়টি জেলা ঘুরেছেন?” এই প্রশ্নের উত্তরে নিজের ভ্রমণের মানচিত্র তৈরি করে ফেসবুকে শেয়ার করছেন ব্যবহারকারীরা। এই ট্রেন্ডের পেছনে রয়েছে ‘আনসিন বাংলাদেশ’ নামের একটি ওয়েবসাইট (unseenbangladesh.com), যা দিয়ে সহজেই নিজের ভ্রমণ করা জেলাগুলো বাছাই করে একটি সুন্দর ম্যাপ ডাউনলোড করা যায়।

ওয়েবসাইটটিতে বাংলাদেশের ৬৪টি জেলা ও ৮টি বিভাগ নিয়ে একটি ইন্টারঅ্যাকটিভ মানচিত্র দেয়া আছে, যেখানে ব্যবহারকারীরা ঘুরে আসা জেলাগুলোতে ক্লিক করে বা তালিকা থেকে বেছে নিতে পারেন। এরপর পছন্দের রঙের থিম ও নিজের ছবি যোগ করে ম্যাপটি PNG, JPG অথবা PDF ফরম্যাটে ডাউনলোড করার সুযোগ রয়েছে।

কীভাবে বানাবেন নিজের ভ্রমণ ম্যাপ:
– ওয়েবসাইটে প্রবেশ করে “জেলা বাছাই শুরু করুন” অপশনে ক্লিক করতে হবে
– মানচিত্রে সরাসরি ক্লিক করে অথবা তালিকা থেকে নিজের ঘুরে আসা জেলাগুলো বেছে নিতে হবে
– পছন্দমতো থিম ও চাইলে নিজের ছবি যুক্ত করা যাবে
– সবশেষে PNG, JPG বা PDF ফরম্যাটে ম্যাপটি ডাউনলোড করা যাবে

এছাড়া ওয়েবসাইটটিতে বিশ্বের ১৯৫টি দেশ নিয়ে একটি “বিশ্ব ম্যাপ” তৈরির অপশনও রয়েছে, যেখানে ব্যবহারকারীরা নিজেদের ভ্রমণ করা দেশগুলো চিহ্নিত করতে পারেন। পাশাপাশি রয়েছে ৬৪ জেলার দর্শনীয় স্থানের গাইড, ট্রিপ প্ল্যানার এবং বাংলাদেশ বিষয়ক একটি মজার কুইজ।

ওয়েবসাইটটির নির্মাতা মো. সাব্বির হোসেন রবিন জানিয়েছেন, ভ্রমণের শখ থেকেই এই অ্যাপ তৈরির ধারণা মাথায় আসে তার। অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে ও বিজ্ঞাপনমুক্ত, এবং ব্যবহারকারীদের বাছাই করা তথ্য ও ছবি শুধুমাত্র তাদের নিজস্ব ব্রাউজারেই সংরক্ষিত থাকে বলে জানানো হয়েছে।