অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না। শুধু শেখ হাসিনাই নন, শেখ রেহানাও বাংলাদেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নৈতিক পরাজয় হয়েছে, দলটির নৈতিক পতন হয়েছে। বাংলার মাটিতে আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এত বড় গণহত্যার পরও যদি এই দেশে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পায়, তাহলে তা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।
শেখ হাসিনা ও শেখ রেহানার দেশে ফেরার প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, শেখ রেহানা ফেসবুকে পোস্ট করে বলেছেন, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। কিন্তু শেখ হাসিনা ও শেখ রেহানা বাংলাদেশ থেকে পালিয়েছেন। আওয়ামী লীগও বাংলাদেশ থেকে পালিয়েছে। তবে দলটির কিছু দোসর এখনো রয়ে গেছে।
কবর জিয়ারত শেষে রাশেদ খাঁন শহীদ রাব্বীর বাড়িতে যান। সেখানে তিনি রাব্বীর স্ত্রী, সন্তান ও সন্তানহারা মায়ের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। একই সঙ্গে রাব্বী হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: ঢাকা পোস্ট