আসন্ন দুর্গাপূজা ২০২৬ উপলক্ষ্যে ঘরমুখী যাত্রীদের সুবিধাজনক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে তিন জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সেই সাথে পাঁচ ট্রেনের অফ ডে প্রত্যাহার করা হচ্ছে। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত, ট্রেন সিডিউল রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতে গৃহীত প্রধান পদক্ষেপসমূহ নিচে তুলে ধরা হলো:
ঢাকা স্পেশাল-৩: চট্টগ্রাম-ঢাকা রুটে আগামী ২০ অক্টোবর চলাচল করবে।
ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২: ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে আগামী ২০, ২৩ ও ২৪ অক্টোবর ২০২৬ তারিখে (মোট ০৩ দিন) চলাচল করবে।
চট্টগ্রাম স্পেশাল-৪: ঢাকা-চট্টগ্রাম রুটে আগামী ২৪ অক্টোবর ২০২৬ তারিখে চলাচল করবে।
যাত্রী চাপ সামলাতে পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ১৯ ও ২০ অক্টোবর তারিখের অফ-ডে প্রত্যাহার করা হয়েছে। পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবর ২০২৬ তারিখের অফ-ডে প্রত্যাহার করা হয়েছে।
পূজা উপলক্ষ্যে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণের লক্ষ্যে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ কোচ এবং পশ্চিমাঞ্চলে ০৬টি ব্রডগেজ কোচ যাত্রীবাহী সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রেনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ইঞ্জিনের সরবরাহ নিশ্চিত করা হবে। সিডিউল বিপর্যয় দূর করতে ও সময়ানুবর্তিতা রক্ষায় গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের নিবিড় তদারকিতে ট্রেন পরিচালিত হবে।
ট্র্যাক ও ব্রিজের নিরাপত্তা নিশ্চিতে রেলপথ পেট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। একই সাথে সিগন্যালিং ব্যবস্থা, কোচ এবং ইঞ্জিনের নিবিড় পরিচর্যা করা হবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় দুর্ঘটনাস্থলে দ্রুত প্রেরণের জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকবে রিলিফ ট্রেনসমূহ।
ঢাকা, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সকল প্রধান প্রধান স্টেশনে জিআরপি ও আরএনবি-এর সহযোগিতায় সার্বক্ষণিক পাহারা জোরদার করা হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ২০২৬ তারিখে ম্যাজিস্ট্রেরিয়াল ডিউটি নিশ্চিত করা হবে৷ চলন্ত ট্রেন, স্টেশন বা রেললাইনে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের নজরদারি ও কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক / তিনতন্ত্র