মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ অন্য যেকোনও সময়ের তুলনায় বর্তমানে বেশি আনন্দ, সুখ ও শান্তিতে বসবাস করছেন। সমাজের মানুষ একে অপরের সহযোগিতায় এগিয়ে এলে এবং বিত্তবানরা অসহায়দের পাশে দাঁড়ালে পৃথিবী আরও সুন্দর হয়ে উঠবে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুর চিন্তাহরণ সরকারবাড়ি দুর্গামন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, হাজার হাজার কোটি টাকা ঋণ দিলেই উন্নয়ন নিশ্চিত হয় না। প্রান্তিক মানুষের হাতে বছরে ২০ হাজার টাকাও পৌঁছালে তা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রান্তিক মানুষের আর্থিক সক্ষমতা বাড়লে অর্থনীতিও শক্তিশালী হবে। সরকারের দেওয়া ফ্যামিলি কার্ডের অর্থ সঞ্চয় করে অসহায় মানুষ একসময় স্বাবলম্বী হতে পারবেন।
সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে মাত্র দুই বছর সময় দিতে হবে। যখন সবার ঘরে সহায়তা পৌঁছাবে এবং সবাই ফ্যামিলি কার্ড হাতে পাবেন, তখন সাধারণ মানুষের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে আড়াই হাজার টাকার গুরুত্ব বোঝা যাবে। যাদের মাসিক কোনও আয় নেই, তাদের জন্য এই অর্থও বড় প্রাপ্তি বলে তারা বিশ্বাস করেন।
অনুষ্ঠানে অজয় কৃষ্ণ সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য গাউছ-উর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, বিএনপি নেতা রফিক মাতুব্বর, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী এবং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রায়হান কবিরসহ অনেকে।