‘তিন মাসেই অজনপ্রিয়’ — বিএনপি সরকারের তীব্র সমালোচনা এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের

Share

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিএনপি মাত্র তিন মাসেই একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে। আওয়ামী লীগ যেখানে পৌঁছাতে ১৭ বছর সময় নিয়েছিল, বিএনপি সেখানে পৌঁছে গেছে মাত্র তিন মাসে।

আজ শনিবার দুপুরে কুমিল্লা নগরের কান্দিরপাড়ে একটি হোটেলের কনভেনশন সেন্টারে এনসিপির ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, প্রশাসন পরিচালনা, অর্থনীতি সামাল দেওয়া এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন — সব ক্ষেত্রেই বিএনপি সরকার ব্যর্থ হয়েছে। কোনো কোনো জেলায় এমপি বা মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ার পর্যন্ত খালি পড়ে থাকছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার গঠনের পরও ধর্ষণ, মব জাস্টিস ও ছিনতাইয়ের কোনো উন্নতি হয়নি। শুধু গত মাসেই ৮৪ জন ধর্ষণের শিকার হয়েছেন, যাঁদের মধ্যে ছয়জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিনই মব বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে এবং মবের অনেক ঘটনায় সরকারদলীয় ব্যক্তিদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে।

বিদ্যুৎ ও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকেও তীব্র সমালোচনা করেন এনসিপির এই নেতা। নিজের বিরুদ্ধে আনা অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তাঁকে ও এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে নিয়ে ২৫ কোটি টাকা নেওয়ার যে অভিযোগ তোলা হয়েছে তা বিভ্রান্তিকর — ব্যক্তিগতভাবে কোনো অর্থ নেওয়া হয়নি, উন্নয়ন বরাদ্দ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ ও যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন প্রমুখ।