তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদানের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক, প্রতিরক্ষা ও বাণিজ্য সহযোগিতায় গুরুত্বারোপ

Share

ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শনিবার (৬ জুন) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে এনসিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৈঠকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফিদান জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এনসিপি নেতৃত্বকে অভিনন্দন জানান। নাহিদ ইসলাম রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ধারাবাহিক কূটনৈতিক সমর্থন ও সম্পৃক্ততার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং সামগ্রিক কূটনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এনসিপি নেতারা বাংলাদেশ ও তুরস্কের যুবকদের মধ্যে শক্তিশালী বিনিময় কর্মসূচি গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

এনসিপি প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, আন্তর্জাতিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব হোমাইরা নূর ও রাফে সালমান রিফাত।