আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জনস্বার্থে যেকোনো সিদ্ধান্ত নিতে সরকার পিছপা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানানো হবে।
আজ সোমবার (৮ জুন) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ঘটনার প্রতিবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে আরও দুই দিন সময় নেওয়া হয়েছে। সরকার আইনজীবী নিয়োগ করে প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের আইনজীবীর মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিলেও তাতে সরকারের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না বলে স্পষ্ট জানিয়ে দেন মন্ত্রী।
ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ডেঙ্গু মৌসুমে সরকারের কাছে পর্যাপ্ত স্যালাইন মজুত রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা কার্যক্রম ব্যাহত হওয়ায় শিশুমৃত্যুর ঘটনায় তিনি বলেন, ‘যা হয়েছে তা সত্যি।’ তবে বর্তমান সরকার টিকা কার্যক্রম জোরদার করে হাম নির্মূল করতে চায়। এ ছাড়া বর্তমানে ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে জানিয়ে এই সংখ্যা আরও বাড়াতে সরকারি-বেসরকারি ওষুধ প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।