অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ছবি : সংসদ টিভির ভিডিও থেকে নেওয়া

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানি খাতে ৪২ হাজার কোটি টাকার অতিরিক্ত ভর্তুকির আশঙ্কা

Share

ইরানসহ মধ্যপ্রাচ্যে সংঘাত ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুন পর্যন্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা অতিরিক্ত ভর্তুকির প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। খাত অনুযায়ী অতিরিক্ত ব্যয়ের প্রাথমিক হিসাব হলো — বিদ্যুতে ১৯ হাজার ৮২১ কোটি, গ্যাসে ১১ হাজার ১৭০ কোটি, তেলে ১০ হাজার ২৫৮ কোটি এবং সারে ১ হাজার ৩৫০ কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রভাব জ্বালানি, সার, আমদানি ব্যয়, পরিবহন, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, প্রবাসী আয় এবং বৈদেশিক কর্মসংস্থানে সবচেয়ে বেশি দৃশ্যমান। মধ্যপ্রাচ্য বাংলাদেশের প্রবাসী কর্মীদের গুরুত্বপূর্ণ গন্তব্য হওয়ায় দীর্ঘস্থায়ী অস্থিরতা প্রবাসী আয়প্রবাহেও ঝুঁকি তৈরি করতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় সরকার জ্বালানি আমদানির উৎস বহুমুখীকরণ, স্থানীয় গ্যাস অনুসন্ধান, প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিকল্প শ্রমবাজার অনুসন্ধানের মতো পদক্ষেপ নিচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।