স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।ফাইল ছবি।

‘সবকিছুতে ইসলামের দোহাই দেওয়া সমীচীন নয়’: স্বরাষ্ট্রমন্ত্রী

Share

নিজস্ব প্রতিবেদক | তিনতন্ত্র ডেস্ক
ঢাকা, ৯ জুন ২০২৬

সব বিষয়ে ইসলামের দোহাই দেওয়া মোটেও সমীচীন নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, “ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়।”

মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনের তৃতীয় দিনে ৬৮ বিধিতে দেওয়া ইসলামী ব্যাংকসংক্রান্ত বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের নোটিশের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের মালিকানা নিয়ে বিরোধী দল যে বক্তব্য দিয়েছে, সেখানে ন্যায্যতার পথে ফেরার কথা বলা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের শেয়ার নিয়ে নানা আলোচনা চলছে। বিরোধী দলীয় নেতার বক্তব্যে শেয়ার ‘ডাকাতি করে’ কেনা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। ইবনে সিনার শেয়ার লেনদেন প্রসঙ্গে তিনি বলেন, ব্লক মার্কেটে তিন গুণ দামে শেয়ার বিক্রি হওয়া একটি রেকর্ড।

শেয়ারহোল্ডিং কাঠামো নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হলেও সুনির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এ বিষয়ে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি তথ্য প্রকাশের আহ্বান জানান।

তিনি বলেন, শেয়ার কেনাবেচার প্রক্রিয়া নিয়ে বিতর্ক থাকতে পারে এবং প্রয়োজনে এটি দুদকের তদন্ত বা মামলার বিষয় হতে পারে। তবে একটি পাবলিক লিস্টেড কোম্পানির শেয়ারহোল্ডিং কাঠামো আলাদাভাবে বিবেচনার দাবি রাখে।

বক্তব্যের একপর্যায়ে সাম্প্রতিক সময়ে “ইসলামের ওপর হাত দেবেন না”—এমন মন্তব্যের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক বক্তব্যে ধর্মকে টেনে আনা ঠিক নয়।