ছবি: সংগৃহীত

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি আদালতের

Share

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তাঁর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গত ২৪ মে এই আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদ মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন এবং এ কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর ইস্কাটন এলাকার বাসায় সালমান শাহকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তাঁকে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

ঘটনার প্রায় ২৯ বছর পর, আদালতের নির্দেশে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বাদী সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম।

মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। দীর্ঘদিন ধরে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মরদেহ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।