তিনতন্ত্র রিপোর্ট: চট্টগ্রাম নগরের বাকলিয়ায় চার বছরের শিশুকে ধর্ষণের মামলায় আজ বুধবার এক দিনেই বাদীসহ নয়জনের সাক্ষ্য গ্রহণ করেছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা। মামলায় মোট ১৩ জন সাক্ষী রয়েছেন। বাকি সাক্ষীদের সাক্ষ্য আগামীকাল বৃহস্পতিবার নেওয়া হবে।
গত মঙ্গলবার আসামি মনির হোসেনের (৩০) বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। তার আগে মাত্র পাঁচ কার্যদিবসে তদন্ত শেষ করে গত বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র জমা দেয় বাকলিয়া থানা পুলিশ।
ঘটনাটি ঘটে গত ২১ মে। বিকেলে অভিযুক্ত মনিরকে আটক করে থানায় নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। রাতে বিদ্যুৎ চলে গেলে পুলিশ কৌশলে আসামিকে নিজেদের হেফাজতে নেয়। এরপরও উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
পরের দিন ২২ মে শিশুটির বাবা মামলা করেন। আদালতে হাজির করলে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শিশুটিও আদালতে জবানবন্দি দেয় এবং দুজনের বর্ণনায় ঘটনার বিবরণ একই পাওয়া যায়।
নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে এই প্রতিবেদনে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের পরিচয় প্রকাশ করা হলো না।