ছবিঃ সংগৃহীত

২০ বছর পর বিএনপির বাজেট, সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাব

Share

দুই দশকের বিরতি শেষে আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বিএনপি সরকারের বাজেট উপস্থাপন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

সর্বশেষ ২০০৬ সালের ৬ জুন বিএনপি সরকারের অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান ৬৯ হাজার ৭৪০ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছিলেন। সেটি ছিল তাঁর ১২তম ও শেষ বাজেট — জাতীয় সংসদে সর্বোচ্চ বাজেট উপস্থাপনের অনন্য রেকর্ড। এরপর তত্ত্বাবধায়ক সরকার, আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তী সরকারের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ২০ বছর বিএনপির বাজেট প্রণয়নের সুযোগ ছিল না।

বিএনপির বাজেটের ইতিহাস শুরু হয়েছিল দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। ১৯৭৬ সালের ২৬ জুন তিনি ১ হাজার ৯৮৯ কোটি টাকার প্রথম বাজেট উপস্থাপন করেন। পরে তাঁর নিয়োগ দেওয়া অর্থমন্ত্রী মির্জা নূরুল হুদা এবং পরবর্তীতে এম সাইফুর রহমান এই ধারা অব্যাহত রাখেন। সাইফুর রহমানের উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে বাংলাদেশে ভ্যাট প্রবর্তন, বাণিজ্য উদারীকরণ এবং ২০০৩ সালে টাকার বিনিময় হার পুরোপুরি বাজারভিত্তিক করা।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসা বিএনপির হয়ে দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যে এই বিশাল বাজেট উপস্থাপন করতে হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরীকে। এই বাজেটসহ স্বাধীনতার পর থেকে মোট ৫৫টি বাজেটের মধ্যে বিএনপির উপস্থাপিত বাজেটের সংখ্যা দাঁড়াবে ১৭টি।