পানের হাটের দখল-নিয়ন্ত্রণ নিয়ে ককটেল বিস্ফোরণ পানের হাটের দখল-নিয়ন্ত্রণ নিয়ে ককটেল বিস্ফোরণ

পলাশবাড়ীতে পানের হাটের দখল নিয়ে সংঘর্ষ, ভাঙচুর ও বিস্ফোরণ

Share

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের ছোট শিমুলতলা পানের হাটের দখল ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দীর্ঘ আট থেকে দশ বছর ধরে শিমুলতলার পান চাষি সমবায় সমিতি এই হাট পরিচালনা করে আসছিল। তবে গত বছরের ৫ আগস্টের পর স্থানীয় জামায়াতপন্থি নেতাকর্মীদের বিরুদ্ধে ‘পানচাষি কল্যাণ সমিতি’ নামে সাইনবোর্ড লাগিয়ে হাটের নিয়ন্ত্রণ ও টোল আদায় দখলের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে সমবায় সমিতির অভিযোগের ভিত্তিতে প্রশাসন হাটের কার্যক্রম সাময়িক স্থগিত ও টিনশেড অপসারণের নির্দেশ দেয়।

স্থানীয় সূত্র জানায়, এই বিরোধের কেন্দ্রে রয়েছেন পৌর জামায়াতের আমির খায়রুল ইসলাম চাঁনের সমর্থক এবং উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদের অনুসারীরা। আজ সকালে প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়নে টিনশেড অপসারণ করতে গেলে নিয়ন্ত্রণকারী পক্ষ বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। দেশীয় অস্ত্রের মহড়া ও বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা দাবি করেন। হাটের কয়েকটি টিনশেড, বেড়া, টেবিল-বেঞ্চ ভাঙচুর ও গাছের ডাল কেটে ফেলা হয়েছে।

পলাশবাড়ী থানার ওসি সরোয়ারের আলম খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কোনো হতাহতের খবর নেই। বিস্ফোরণ ককটেলের ছিল না ফটকার শব্দ ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। আজ বিকেলে উপজেলা প্রশাসন উভয় পক্ষকে আলোচনার জন্য ডেকেছে।