আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শুল্ককর পরিবর্তনের কারণে বেশ কিছু পণ্যের দাম বাড়বে এবং অনেক পণ্যের দাম কমবে। বাজেটের শুল্ককর প্রস্তাব ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হয়ে যায়। সার্বিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, শুল্ককর কমানো পণ্যের সংখ্যাই বেশি।
যেসব পণ্যের দাম বাড়বে
সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য বাড়ানো হয়েছে — নিম্নস্তরে প্রতি ১০ শলাকা ৬২ টাকা, মধ্যম স্তরে ৯২ টাকা, উচ্চ স্তরে ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তরে ২১০ টাকা। নিকোটিন পাউচে ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক বসছে।
তেলচালিত মধ্যম সারির গাড়ি (১২০০-১৬০০ সিসি) আমদানিতে করভার ১৩২ থেকে বেড়ে প্রায় ১৫৬ শতাংশ হচ্ছে। বিদেশি কাজুবাদামের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বেড়ে ২৫ শতাংশ হবে। আমদানি করা পাঙাশ মাছের ফিলেতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ হচ্ছে। বিদেশি গ্যাস সিলিন্ডার, মধু, সুপারিতে শুল্কায়ন মূল্য বাড়ছে। এছাড়া রড, বিদেশি টাইলস, ফোম, মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল ও খেলনার দামও বাড়তে পারে।
যেসব পণ্যের দাম কমবে
ধান, চাল, গম, আলু, মাছ, পেঁয়াজ, রসুন, চিনি, ভোজ্যতেলসহ ৬০টি নিত্যপণ্যের উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৫ শতাংশ করা হয়েছে। জিরা, দারুচিনি, এলাচ, লবঙ্গসহ মসলায় ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার হয়েছে। খেজুরেও একই শুল্ক উঠে গেছে।
সোনার গয়নায় উৎসে কর ৫ শতাংশ থেকে কমে দশমিক ৫ শতাংশ হয়েছে এবং ভ্যাট ভরিপ্রতি আড়াই হাজার টাকা নির্ধারিত হয়েছে। বৈদ্যুতিক গাড়িতে করভার ৯৩ থেকে কমে ৬৪ শতাংশ হচ্ছে। ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার ও মনিটরে সব ধরনের আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।
কিডনি রোগীদের ডায়ালাইসিস ফিল্টারে ভ্যাট ও অগ্রিম কর তুলে দেওয়ায় প্রতি সেশনে ৮০০ টাকা পর্যন্ত সাশ্রয় হবে। ওষুধের কাঁচামাল ও ক্যানসারের ওষুধ তৈরির উপাদানে ছাড় দেওয়া হয়েছে। শিশুখাদ্যের কাঁচামালে আমদানি শুল্ক ১৫ থেকে কমে ১০ শতাংশ হয়েছে। বাদ্যযন্ত্র ও সিনেমাটোগ্রাফিক ক্যামেরায়ও শুল্ক কমছে।
- তিনতন্ত্র ডেস্ক রিপোর্ট