বাজেটকে ‘চানাচুরের মতো পুষ্টিগুণহীন’ বললেন নাহিদ ইসলাম

Share

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘উচ্চাভিলাষী, বাস্তবতা-বিবর্জিত ও ঋণগ্রস্ত’ বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১১ জুন) বাজেট পেশের পর জাতীয় সংসদ থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি এই বাজেটকে পুষ্টিগুণহীন চানাচুরের সঙ্গে তুলনা করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘এই বাজেট অনেকটা চানাচুরের মতো — দেখতে সুন্দর, খেতেও ভালো লাগবে, কিন্তু এর কোনো পুষ্টিগুণ নেই।’ তাঁর অভিযোগ, অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে অর্থনৈতিক গণতন্ত্রায়নের কথা বললেও ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা, পাচার করা অর্থ ফেরত আনা কিংবা অভ্যন্তরীণ আয় বৃদ্ধির কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই।

ব্যাংকিং খাতের দলীয়করণ নিয়ে সরব হয়ে তিনি ইসলামী ব্যাংকের উদাহরণ টানেন এবং অভিযোগ করেন, ব্যাংকটিকে আবারও এস আলমের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। বাংলাদেশ ব্যাংকের বিতর্কিত নিয়োগ নিয়েও সমালোচনা করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় এবং এ সরকারের রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি ও অর্জন ‘শূন্য’। দুদক ও বিচার বিভাগ সংস্কার না হলে এই বিশাল বাজেটের আড়ালে ব্যাপক দুর্নীতির সুযোগ তৈরি হবে বলেও সতর্ক করেন তিনি।