ছবি: সংগৃহীত

বাংলাদেশে এসেই দুই দেশের শক্তি একত্রে করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনারের

Share

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্মিলিত শক্তি বিশ্বমঞ্চে এক বৃহৎ জনশক্তিতে রূপান্তরিত হতে পারে। শুক্রবার বেলা সাড়ে ১১টার পর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

দিনেশ ত্রিবেদী বলেন, ভারতের ১৪০ কোটি আর বাংলাদেশের ২০ কোটি মিলিয়ে ১৬০ কোটি মানুষের শক্তি একত্র হলে তা আন্তর্জাতিক পর্যায়ে বিশাল প্রভাব ফেলতে সক্ষম হবে। তিনি বলেন, ‘একটা শক্তি হলে হবে না। দুই দেশ মিলে যে শক্তি হবে, সেটাই আসল শক্তি।’ দুই দেশের প্রতিভা কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলাধুলা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে যৌথভাবে কাজ করার আগ্রহও ব্যক্ত করেন তিনি।

সীমান্তে ‘পুশইন’ ইস্যু এবং ভ্রমণ ও বাণিজ্যে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার সংক্রান্ত প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশ অভিন্ন আকাশ-বাতাস ভাগাভাগি করে। দুই দেশের কল্যাণে ভবিষ্যতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

নোম্যান্সল্যান্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় হাইকমিশন ও বেনাপোল স্থলবন্দরের প্রতিনিধিরা তাকে স্বাগত জানান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মৃণাল ত্রিবেদী।

উল্লেখ্য, গত এপ্রিলে ভারত সরকার সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের ৫৫ বছরের কূটনৈতিক ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদ বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পেলেন। তিনি প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন।