ছবি: সংগৃহীত

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, মুখে কালি-গলায় জুতার মালা

Share

শরীয়তপুর পৌরসভার উত্তর পালং এলাকায় এক গৃহবধূকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয়দের খবরে পুলিশ ওই নারীকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেছে।

জানা গেছে, স্থানীয় দেলোয়ার কোটারিসহ কয়েকজনকে ধার দেওয়া টাকা ফেরত নিয়ে বিরোধ চলছিল ওই প্রবাসীর স্ত্রীর (৩৭) সঙ্গে। শনিবার সকালে দেলোয়ারের স্ত্রী ও মেয়ে স্থানীয় কয়েকজন নারীকে নিয়ে একটি মার্কেটের কাছে তাঁকে আটক করেন। এরপর মারধর করে মাথার চুল কেটে মুখে কালি মেখে গলায় জুতার মালা পরিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখা হয়।

ভুক্তভোগী জানান, নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করে ধার নেওয়া টাকা ফেরত চাওয়ায় এই নির্যাতন করা হয়েছে। তিনি মামলা করার ঘোষণা দিয়েছেন। তবে অভিযুক্তের মেয়ে মৌসুমি আক্তার দাবি করেন, ওই নারী মাদক বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়েন এবং ক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে মারধর করে পুলিশে দিয়েছেন।

পালং মডেল থানার ওসি শাহ আলম জানান, টাকা পাওনার বিরোধে কয়েকজন নারী মিলে ভুক্তভোগীকে মারধর করে খুঁটিতে বেঁধে রাখেন। স্থানীয়দের ৯৯৯ নম্বরে কল করার পর পুলিশ তাঁকে উদ্ধার করে। ভুক্তভোগী আইনি পদক্ষেপ নিতে চাইলে পুলিশ সহায়তা করবে বলে জানান তিনি।