নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত

হলফনামায় মিথ্যা তথ্য: হান্নান মাসউদের এমপি পদ কি বাতিল হচ্ছে?

Share

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এমপি পদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা রাশেদ খান। সোমবার (১৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।

রাশেদ খান জানান, সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে হলফনামায় অসত্য তথ্য দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন হান্নান মাসউদ নিজেই। তাঁর আইনজীবী ভবিষ্যতে ব্যবসা ও আয়কর রিটার্নে সুবিধার কথা ভেবে এ পরামর্শ দিয়েছিলেন বলেও মাসউদ জানান।

রাশেদ খানের ফেসবুক পোস্ট

রাশেদ খান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহর গত ১১ আগস্ট ২০২৫ সালের বক্তব্যও উদ্ধৃত করেন। কমিশনার বলেছিলেন, হলফনামায় মিথ্যা তথ্য দিলে ভোটের পরেও তদন্ত করবে নির্বাচন কমিশন এবং সত্যতা প্রমাণিত হলে বাতিল হবে এমপি পদ। এই বিধান আরপিওতে সুনির্দিষ্টভাবে সন্নিবেশ করা হয়েছে বলেও তিনি জানিয়েছিলেন।

বিএনপি নেতা রাশেদ খান আরও প্রশ্ন তোলেন, হান্নান মাসউদ একদিকে দাবি করছেন স্থাবর সম্পদ নেই এবং স্ত্রীর সেমিস্টার ফি দিতে ধার করতে হয়, অন্যদিকে নতুন বাড়ির জন্য জমি কিনেছেন—এই অসঙ্গতি তাঁর হলফনামায় কেন প্রতিফলিত হয়নি।