স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দুই ছেলের নামে ইউনিয়নের নামকরণের অভিযোগ, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Share

ঢাকা, ১৫ জুন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর নির্বাচনী এলাকায় নতুন দুটি ইউনিয়নের নাম তার দুই সন্তানের নামে রাখা হয়েছে—এমন অভিযোগ নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে।

সোমবার সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বিষয়টি উত্থাপন করেন। তিনি অভিযোগ করেন, প্রতিমন্ত্রীর এলাকার দুটি উপজেলায় নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে এবং সেখানে তার পরিবার ও দুই সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করা হয়েছে।

এর জবাবে সংসদে ব্যক্তিগত কৈফিয়ত দিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, তার নির্বাচনী এলাকার বড় দুটি ইউনিয়ন—সৈয়দপুর ও দেউলী—প্রশাসনিক সুবিধার জন্য বিভক্ত করা হয়েছে। স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসন এবং গণশুনানির মাধ্যমে নতুন ইউনিয়নগুলোর নাম নির্ধারণ করা হয়েছে।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সৈয়দপুর ইউনিয়নের একটি অংশ সীমান্তবর্তী এলাকায় হওয়ায় নতুন ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’। অন্যদিকে, গাইবান্ধা-সংলগ্ন দূরবর্তী এলাকা নিয়ে গঠিত নতুন ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘দিগন্ত ইউনিয়ন’

সংসদে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম আগে থেকেই ব্যবহৃত হচ্ছে। এসব নামের সঙ্গে তার সন্তানদের নাম জড়িয়ে বিতর্ক তৈরি করা অযৌক্তিক।

মীর শাহে আলম বলেন, “মিরাক্যালি আমার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে ঠিকই। আমার সন্তানের নাম মীর সীমান্ত ও মীর দিগন্ত। যদি সত্যিই সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ করার উদ্দেশ্য থাকত, তাহলে ‘মীর সীমান্ত’ ও ‘মীর দিগন্ত’ নামই রাখা হতো। কিন্তু ইউনিয়নের নামের আগে ‘মীর’ শব্দটি নেই।”

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হলেও প্রতিমন্ত্রী দাবি করেছেন, ইউনিয়নগুলোর নামকরণ প্রশাসনিক প্রক্রিয়া ও স্থানীয় জনমতের ভিত্তিতেই হয়েছে।