ছবি: সংগৃহীত

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাকে কেন্দ্র করে উত্তেজনা, ডিম নিক্ষেপ, আটক তিন

Share

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর পূর্ব লন্ডন সফরকে কেন্দ্র করে সোমবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন মায়েদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে হাসনাত আবদুল্লাহর যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করতে হয়। নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর কঠোর পুলিশি নিরাপত্তায় অনুষ্ঠানস্থলে প্রবেশ ও বক্তব্য দেন হাসনাত।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে রমফোর্ড এলাকার এলেম পার্কেও হাসনাত ও তাঁর সহযোগীদের দিকে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের গায়ে ডিম লাগে। পরে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে।

রেস্তোরাঁর সামনে থেকে পুলিশ অন্তত তিনজনকে আটক করে। আটকদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেককে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তুলতে দেখা গেছে।

এনসিপি ইউকে অ্যালায়েন্স ঘটনাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে বলেছে, আওয়ামী লীগ এখনো ভীতি প্রদর্শন ও অসহিষ্ণুতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। তবে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী দাবি করেন, সংগঠনটি কোনো কর্মসূচি দেয়নি। ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙার প্রতিবাদে ছাত্র ও যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ জানিয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।