ঢাকা, ১৬ জুন: ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে যখন চলছে উৎসবের আমেজ, তখন দেশের রাজনৈতিক অঙ্গনের শীর্ষ ব্যক্তিদের প্রিয় দল নিয়েও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।
মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জানতে চাওয়া হয়, তিনি ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন।
জবাবে তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে হাসিমুখে বলেন, “অনেক দিন একটা দেশে ছিলাম তো।”
প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর উপস্থিত সাংবাদিকদের মধ্যে আলোচনা শুরু হয়। কারণ তিনি দীর্ঘ সময় যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করেছেন। ২০০৮ সালে দেশত্যাগের পর দীর্ঘ সময় তিনি সেখানে অবস্থান করেন এবং পরবর্তীতে দেশে ফেরেন।
তবে তিনি সরাসরি কোনো দল বা দেশের প্রতি সমর্থনের কথা জানাননি। তাঁর বক্তব্যের ভিত্তিতে অনেকে ধারণা করছেন, তিনি ইংল্যান্ড ফুটবল দলের সমর্থক হতে পারেন।
যদিও এ বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো স্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি।