শিবির নেতা জিসান। ছবি: সংগৃহীত

মেডিকেল বোর্ডের প্রতিবেদনের পর হাসপাতাল ছাড়লেন শিবির নেতা জিসান- যা জনা গেলো

Share

কুমিল্লা, ১৬ জুন: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চার সদস্যের মেডিকেল বোর্ড তাঁর শারীরিক ও মানসিক অবস্থা পর্যালোচনা করে প্রতিবেদন দেওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. নিশাত সুলতানা। তাঁর ভাষ্য অনুযায়ী, মেডিকেল বোর্ডের প্রতিবেদনে জিসানকে সুস্থ উল্লেখ করা হয়েছে এবং বোর্ডের সুপারিশের ভিত্তিতে তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ গত ১৪ জুন জিসানের স্বাস্থ্যগত অবস্থা মূল্যায়নে চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে। বোর্ডে মেডিসিন, নিউরোলজি, সাইকিয়াট্রি ও এনেস্থিসিয়া বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর চলমান মামলার প্রক্রিয়া অনুযায়ী তাঁকে আদালতে হাজির করা হবে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত দাউদকান্দি থানা পুলিশ তাঁকে আদালতে হাজির করেনি বলে কুমিল্লা আদালতের পরিদর্শক মো. মামুনুর রশীদ জানান।

উল্লেখ্য, গত ১১ জুন থেকে জিসান আহম্মেদ প্রধান নিখোঁজ ছিলেন বলে তাঁর পরিবার দাবি করে এবং এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ১৩ জুন রাতে কুমিল্লার লাকসাম জংশন এলাকা থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, জিসানের বিরুদ্ধে এক নারীর করা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে একটি মামলা রয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।

জিসানের নিখোঁজ হওয়া, উদ্ধার ও তাঁর বিরুদ্ধে থাকা মামলাকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা সৃষ্টি হয়। বর্তমানে মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।