প্রতীকি ছবি

নেত্রকোনায় ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণ মামলার আসামি স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

Share

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ১০ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মহন তালুকদারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার সকালে মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বরে শিশুটির মা কাজের জন্য বাইরে গেলে মহন তালুকদার ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেওয়ায় ভয়ে চুপ থাকে শিশুটি। গত ১২ মার্চ অসুস্থ হলে মা মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনা জানায়। ক্লিনিকে পরীক্ষার পর চিকিৎসক জানান শিশুটি অন্তঃসত্ত্বা।

গত ২৮ এপ্রিল আদালতে মামলার আবেদনের পর ২ মে থানায় মামলা রেকর্ড হয়। তবে পুলিশ এখনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এ নিয়ে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার রাতে জরুরি সভা ডেকে মহন তালুকদারকে যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

শিশুটির মা বলেন, ‘মহন আমার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম জানান, আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুত তাকে গ্রেপ্তার করা হবে।