ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ভাঙল প্যান্ডেল, মঞ্চে জমল বৃষ্টির পানি

Share

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে ব্যাপক অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। অনুষ্ঠান শুরুর আগেই প্রবল বাতাস ও বৃষ্টিতে উপকারভোগীদের জন্য নির্মিত প্যান্ডেল ভেঙে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। পরে নিরাপত্তার স্বার্থে পুরো প্যান্ডেল খুলে ফেলা হয়, ফলে উপকারভোগীসহ দর্শনার্থীদের দীর্ঘক্ষণ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে হয়।

প্রধানমন্ত্রীর আগমনের আগে ও পরেও মঞ্চের ত্রিপলে পানি জমে থাকতে দেখা যায়। কর্মীরা বাঁশ দিয়ে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করলে কিছু পানি মঞ্চের ভেতরেও পড়ে। ঢাকার ‘বেল ইভেন্ট ম্যানেজমেন্ট’ নামের একটি প্রতিষ্ঠান অনুষ্ঠানস্থলের দায়িত্বে থাকলেও বৃষ্টির মৌসুম বিবেচনায় টেকসই কাঠামো নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

অনুষ্ঠানে আসা সিরাজ মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সামান্য বৃষ্টি ও বাতাসেই প্যান্ডেল ভেঙে পড়েছে। এত বড় রাষ্ট্রীয় অনুষ্ঠানে আগে থেকে যাচাই-বাছাই করা উচিত ছিল।’ এক উপকারভোগী জানান, সকাল থেকে মাঠে থেকে বৃষ্টিতে ভিজতে হয়েছে, বৃদ্ধ ও নারীরা বিশেষ কষ্ট পেয়েছেন।

শ্রীমঙ্গল ইউএনও মো. জিয়াউর রহমান জানান, প্যান্ডেল ভেঙে পড়ার বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং সমাজকল্যাণমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

এর মধ্যেও নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড, বিভিন্ন রোগীকে ৫০ হাজার টাকা করে অনুদান, শিক্ষার্থীদের শিক্ষা অনুদান এবং পাঁচজন চা-শ্রমিককে দুই লাখ টাকা করে আর্থিক বরাদ্দপত্র তুলে দেন।