ইসলামী ব্যাংকের শেয়ার বিতর্কে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কারা কত শতাংশ শেয়ারের মালিক তা প্রকাশ করতে হবে এবং বৈধ মালিকদের কাছে শেয়ার ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতিও আহ্বান জানান তিনি।
শেয়ার কেনার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে মন্ত্রী বলেন, ইবনে সিনার দুই শতাংশ শেয়ার ব্লক মার্কেটে তিন গুণ দামে বিক্রি হয়েছে, যা নজিরবিহীন। শেয়ার কেনার উৎস নিয়ে বিতর্ক থাকলে সেটি দুদকের তদন্ত ও মামলার বিষয় হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রসঙ্গে মন্ত্রী জানান, ব্যাংক কোম্পানি আইনের আওতায় বাংলাদেশ ব্যাংক চাইলে চেয়ারম্যান থেকে পুরো পরিচালনা পর্ষদ পর্যন্ত অপসারণের ক্ষমতা রাখে। জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তিনি বলেন, আগে আইন পরিবর্তন করুন, তারপর এই আলোচনায় আসুন।
ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী। তাঁর অভিযোগ, নির্বাচনের আগে অনেক নারী গ্রাহককে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে এবং আরও টাকা পাওয়ার প্রলোভন দেখানো হয়েছে। এছাড়া প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়াই একটি গ্রুপকে ৪০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
সিএসআরের নামে বিমান টিকিটসহ নানা অনিয়মের তদন্তের ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন, তদন্ত হলে পরিচিত অনেকের নামও সামনে আসতে পারে।