ছবি: সংগৃহীত

নতুন যে দায়িত্ব পেলেন সমাজকল্যাণ মন্ত্রী

Share

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই কমিটির সহসভাপতির দায়িত্ব পেয়েছেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

বুধবার (১৭ জুন) রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৫ জুন প্রকাশিত ওই প্রজ্ঞাপনে ডা. জাহিদ হোসেনকে কমিটির সভাপতি এবং সৈয়দ জাহাঙ্গীর আলমকে সহসভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদের সই করা প্রজ্ঞাপনে এই নতুন দায়িত্বের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

নতুন কমিটির মাধ্যমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম ও সেবার মানোন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।