বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার অভিযোগে আদাবর ও যাত্রাবাড়ী থানায় করা পৃথক দুই মামলায় সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আজ বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এর আগে গত ৮ ও ৯ জুন হাইকোর্ট দুটি মামলায় আলাদাভাবে সুমনকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। সেই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে আজকের আদেশ আসে।
সুমনের আইনজীবী লিটন আহমেদ জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। মিরপুর থানার হত্যাচেষ্টা মামলায় জামিন এখনো বহাল আছে। বাকি ছয় মামলায় রুল শুনানির অপেক্ষায় রয়েছে।
হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সুমনকে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ২২ অক্টোবর গ্রেপ্তার করা হয়।