ছবি: সংগৃহীত

সাকলায়েনের বাধ্যতামূলক অবসর প্রসঙ্গে যা বললেন পরিমনি

Share

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত এই কর্মকর্তা সম্পর্কে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নৈতিকতাবহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এর ভিত্তিতেই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়।

এই সিদ্ধান্তের পর ফের আলোচনায় এসেছে দুই বছর আগের সেই বহুল আলোচিত প্রসঙ্গ। ২০২৪ সালের ২৫ জুন প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকলায়েন প্রসঙ্গে খোলামেলা কথা বলেছিলেন পরীমনি। তিনি তখন দাবি করেছিলেন, তাঁদের সম্পর্কের প্রকৃতি নিয়ে কখনো স্পষ্ট কোনো প্রশ্ন তাঁদের কাউকেই করা হয়নি, অথচ জনসমক্ষে নানা ধরনের ভিত্তিহীন আলোচনা হয়েছে।

সাকলায়েনের চাকরিচ্যুতির বিষয়ে পরীমনি তখন তাঁর অবস্থান স্পষ্ট করে বলেছিলেন, এর পেছনে প্রেম-ভালোবাসা নয় বরং অন্য কোনো ব্যক্তিগত আক্রোশ কাজ করেছে বলে তাঁর বিশ্বাস। সাকলায়েনকে একজন মেধাবী ও সফল কর্মকর্তা আখ্যা দিয়ে তিনি বলেছিলেন, তাঁর প্রতি অন্যায় হয়েছে।