রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার নিচে ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন বিএনপির এক নেতা। আহত মো. নুরুল ইসলাম (৫৫) মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক।
আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে আসা ছয় দুর্বৃত্ত নুরুল ইসলামকে তাঁর বাসার নিচেই ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। এতে তাঁর মুখের বাঁ পাশে, কাঁধে ও বাঁ হাতে গুরুতর জখম হয়। স্বজনেরা তাৎক্ষণিকভাবে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, প্রাথমিকভাবে এটি রাজনৈতিক শত্রুতার জের বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে র্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করছে।