ছবি: সংগৃহীত

মোটরসাইকেল উদ্ধার করতে গিয়ে মার খেলো পুলিশ, ছিনিয়ে নেওয়া হলো গাড়ি

Share

যশোরের কেশবপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের পর আইনি প্রক্রিয়া ছাড়াই তা ফেরত দেওয়ার দাবিতে এক পুলিশ কর্মকর্তাকে মারধর করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে পরে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি পুনরায় উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাসানপুর গ্রামের ছাত্রদল সদস্য আশরাফুজ্জামান রুমির মোটরসাইকেল শুক্রবার ভোরে বাড়ি থেকে চুরি হয়। পরে চিংড়া গ্রামের আবদুর রশিদের (৪০) বাড়ি থেকে চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী এএসআই নজরুল ইসলাম মোটরসাইকেলটি উদ্ধার করেন।

খবর পেয়ে সকাল সাড়ে আটটার দিকে আশরাফুজ্জামানসহ ৪০-৫০ জন কিশোর ও যুবক ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি তাৎক্ষণিক হস্তান্তরের দাবি জানান। এএসআই নজরুল ইসলাম আইনি প্রক্রিয়া অনুসরণের কথা জানালে বাগবিতণ্ডা শুরু হয়, একপর্যায়ে তারা তাঁর ওপর হামলা চালিয়ে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যান।

পরে কেশবপুর থানার ওসি রোকসানা খাতুনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেলটি পুনরায় উদ্ধার করে এবং এ ঘটনায় আবদুর রশিদকে গ্রেপ্তার করে। পুলিশের ওপর হামলায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

আহত এএসআই নজরুল ইসলাম জানান, তিনি সামান্য জখম হয়েছেন। ওসি রোকসানা খাতুন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।