স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

Share

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটি কোনো বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অস্থিরতা রোধে ইতোমধ্যে পুলিশকে সতর্ক করা হয়েছে। তিনি বলেন, সরকার সজাগ আছে এবং নিষিদ্ধ ঘোষিত এই দলকে কোনো ধরনের তৎপরতা চালাতে দেওয়া হবে না।

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাঁকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, গত ১২ জুন আমিরাত সরকারের কাছ থেকে তথ্য পাওয়ার তিন দিনের মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাবতীয় কাগজপত্র পাঠানো হয়।

পুলিশ বাহিনীর বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের নিয়মিত পুরস্কার দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।