ছবি: সংগৃহীত

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ১৬

Share

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ফলসী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, এর মধ্যে গুরুতর পাঁচজনকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও তিনজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শুক্রবার পুকুরের মাছ ধরা নিয়ে সন্দেহের জের ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রকিবুল ইসলামকে মারধর করা হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের ছোট ভাই। এই ঘটনার জেরে শনিবার সকালে বোয়ালিয়া গ্রামে চেয়ারম্যান বজলুর রহমানের সমর্থকদের সঙ্গে বিএনপি সমর্থিত সাবেক ইউপি সদস্য মশিয়ার রহমানের অনুসারীদের বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

সাবেক ইউপি সদস্য মশিয়ার রহমান অভিযোগ করেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানের লোকজন তাঁর সমর্থকদের ওপর হামলা চালায়, যাতে তাঁদের ৬-৭ জন আহত হন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বর বন্ধ পাওয়া যায়।

হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় জানান, এখনো কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।