স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি ও তাঁর দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা বগুড়ার তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনার চিঠি পাওয়ার কথা জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
জেলা প্রশাসক জানান, শুক্রবার টেলিফোনে প্রধানমন্ত্রী মোকামতলা উপজেলার নবগঠিত সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছিলেন। পরদিন শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারের সই করা লিখিত নির্দেশনায় এর সঙ্গে শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের নাম পরিবর্তনের কথাও যুক্ত করা হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম বাতিল করে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে নতুন করে নামকরণ করা হবে। এ লক্ষ্যে নতুন গণশুনানির আয়োজন করা হবে এবং স্বচ্ছতার সঙ্গে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে ইতিমধ্যে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তিন ইউনিয়নের জন্য পৃথক তিনটি কমিটি গঠন করে গণশুনানির মাধ্যমে নতুন নামের প্রস্তাব সংগ্রহ করা হবে, পরে যথাযথ প্রক্রিয়ায় তা গেজেট আকারে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের সই করা গেজেটে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়েছিল—মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম। এর মধ্যে তিনটি ইউনিয়নের নামের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পরিবারের নামের মিল থাকায় তা নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল।