সাইবার সুরক্ষা আইনের মামলায় গাজীপুর থেকে গ্রেপ্তার সাংবাদিক রেজানুর ইসলাম (মাস্ক পরা) জামিন পেয়েছেন। ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী শাহে আলমের নির্দেশনায় জামিন পেলেন গ্রেপ্তার সাংবাদিক

Share

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে জড়িয়ে অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে করা মামলায় কারাগারে থাকা দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন হয়েছে। আজ রোববার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক মেহেদী হাসান এই জামিন মঞ্জুর করেন।

রেজানুরের আইনজীবী তানজীম আল মিসবাহ জানান, আজ দুপুরে আদালতে জামিন শুনানির সময় বাদীপক্ষের আইনজীবী আবদুল ওহাব আদালতকে জানান, ভুল-বোঝাবুঝি থেকে এই মামলা হয়েছে এবং দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়ে যাওয়ায় বাদীপক্ষও আসামির জামিন চায়।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকও বটে এই আইনজীবী আবদুল ওহাব জানান, মীর শাহে আলমকে জড়িয়ে মামলা করা হলেও এ বিষয়ে প্রতিমন্ত্রী কিছুই জানতেন না এবং মামলার সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। প্রতিমন্ত্রী ইতিমধ্যে এক বিবৃতিতে জানিয়েছেন, তাঁর নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা বা পদক্ষেপ না নেন। সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় দুঃখ প্রকাশ করে তাঁর নির্দেশেই দুই পক্ষের আলোচনার মাধ্যমে আপস-মীমাংসা ও মামলার শান্তিপূর্ণ সমাধান হয়েছে বলে জানান আইনজীবী।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা সাইবার সুরক্ষা আইন ও চাঁদাবাজির অভিযোগে করা এই মামলায় গাজীপুরের জয়দেবপুর থেকে রেজানুরকে গ্রেপ্তার করে। শুক্রবার বিকেলে আদালতে হাজির করা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে জড়িয়ে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে গত বুধবার রাতে বগুড়া সদর থানায় রেজানুরসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন স্থানীয় দৈনিক মহাস্থান পত্রিকার সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম, এজাহারে চাঁদা দাবির অভিযোগও আনা হয়।