রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল। ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি: মোনায়েম মুন্না

Share

জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই অভ্যুত্থানকে নিজেদের একক কৃতিত্ব হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তাঁর দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো এমন চেষ্টা করেননি। শনিবার রাজধানীর মহাখালী কাঁচাবাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর যুবদলের আয়োজনে এক প্রতিবাদ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মোনায়েম মুন্না বলেন, অন্তর্বর্তী সরকারের দেড় বছরে ছাত্রদের দলের প্রতি মানুষের আস্থা কমে যাওয়ার পর তারা জামায়াতের সঙ্গে জোট করে যেন ২০২৪ সালের আন্দোলনের একক কৃতিত্ব দাবি করছে। তাঁর দাবি, দীর্ঘ ১৫ বছর আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে বিএনপি, আর যুক্তরাজ্য থেকে সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান।

জামায়াতের উদ্দেশে তিনি আরও বলেন, সংসদে এক জামায়াত সদস্যের বাবার মুক্তিযুদ্ধে শহীদ হওয়ার দাবি মিথ্যা প্রমাণিত হওয়া এবং কুমিল্লায় এক ছাত্রশিবির নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি দলটির রাজনৈতিক চরিত্রের সমালোচনা করেন।

যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দিলে যুবদল চুপ থাকবে না এবং নেতাকর্মীরা রাজপথে নামলে এর পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

মিছিলে অংশগ্রহণকারীরা জামায়াত-শিবিরবিরোধী বিভিন্ন স্লোগান দেন। মহাখালী কাঁচাবাজার থেকে শুরু হওয়া মিছিলটি তেজগাঁও সাত রাস্তায় গিয়ে শেষ হয়, যেখানে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিবসহ যুবদলের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।