কাতারে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম।
তিনি জানান, কাতারের স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় দুপুর দেড়টায়) আল শাহানিয়া শহরের সামাল সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা সবাই কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বানি গ্রাম ইউনিয়নের গাছবাড়ি এলাকার বাসিন্দা। তাঁরা হলেন আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ ও জুবায়ের আহমদ এবং গাছবাড়ি এলাকার কাদের আহমদ।
প্রবাসী বাংলাদেশি সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।