ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরে রাজস্ব ঘাটতি ৮৮ হাজার কোটি টাকা হতে পারে: এনবিআর

Share

চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৮ হাজার কোটি টাকায় দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল রোববার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজস্ব আদায়ের হালনাগাদ চিত্র জানিয়েছে সংস্থাটি।

এনবিআরের তথ্যমতে, ২০ জুন পর্যন্ত (১১ মাস ২০ দিনে) আদায় হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৯৫৩ কোটি টাকা। জুনের শেষ ১০ দিনে আরও ২৫ হাজার কোটি টাকা আদায়ের আশা রাখছে সংস্থাটি, সে হিসেবে অর্থবছর শেষে মোট আদায় দাঁড়াতে পারে ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে সংশোধিত লক্ষ্যমাত্রা ৫ লাখ ৩ হাজার কোটি টাকা থেকে এই ঘাটতি থেকে যাবে ৮৮ হাজার কোটি টাকা।

রাজস্ব আদায়ের গতি বাড়াতে ইতিমধ্যে আয়কর, ভ্যাট ও শুল্ক বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে পৃথক তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্সগুলো আপিল, ট্রাইব্যুনাল ও বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করাসহ কর আদায় বাড়াতে নানামুখী উদ্যোগ নিয়েছে।

রাজস্ব ঘাটতি হলে সরকারের ব্যয় নির্বাহে সরাসরি চাপ পড়ে। বেতন-ভাতা ও ঋণের সুদসহ পরিচালন ব্যয় কমানোর সুযোগ না থাকায় উন্নয়ন প্রকল্পে বরাদ্দ কাটছাঁট করাই সরকারের প্রধান বিকল্প হয়ে ওঠে। চলতি অর্থবছরে ২ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।

উল্লেখ্য, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত দীর্ঘদিন ধরে বেশ কম, যা বর্তমানে ৬-৭ শতাংশের মধ্যে নেমে এসেছে।