রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন রাঙামাটি জেলা শ্রমিক লীগের সভাপতি মো. কবিরসহ মো. নুরুল হক, চম্পক দাশ, মো. নিজাম উদ্দীন, মো. ইলিয়াছ, মো. ইসমাইল, মো. জসিম, মো. নয়ন, মো. তারিকুল ইসলাম, মো. রাসেল, শাহাদত হোসেন, রাম প্রসাদ শীল, জাহিদুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, দুর্জয় কান্তি দে ও হাফিজুর রহমান।
পুলিশ জানায়, বিভিন্ন মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে এবং এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।